ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
৩৩ বছরের রেকর্ড ভাঙলেন থম্পসন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 July, 2021, 10:25 PM

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন থম্পসন

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন থম্পসন

টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ের সোনা ধরে রাখলেন জ্যামাইকার এলেইন থম্পসন-হেরা। এতে ‘বিশাল অর্জনের’ স্বপ্ন স্বপ্নই থেকে গেল তারই স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের।
 
শনিবার (৩১ জুলাই) অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন এলেইন থম্পসন-হেরা। ১০ দশমিক ৬১ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ মুকুট ধরে রাখেন ২৯ বছর বয়সী থম্পসন। ভেঙেছেন অলিম্পিকের ৩৩ বছরের রেকর্ড।
 
এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে এতদিন অলিম্পিকের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।
 
শনিবার প্রথম তিনটি স্থানেই জামাইকার দৌড়বিদরা রয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফ্রেজার-প্রাইস। তিনি শেষ করেন ১০ দশমিক ৭৪ সেকেন্ডে। আর তৃতীয় স্থানে থাকা শেরিকা জ্যাকসন ১০ দশমিক ৭৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।
 
এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটারেও সোনা জিতেছিলেন থম্পসন। এর পরের সময়টা ‍খুব একটা ভালো যায়নি তার। ভুগেছেন চোটে। ট্র্যাকেও প্রত্যাশিত আলো ছড়াতে না পারায় শুনেছেন বাঁকা মন্তব্য। টোকিওতে বাজিমাতের পর জানালেন, সমালোচনাই ছিল তার কাছে অনুপ্রেরণা।
 
থম্পসন বলেন, ‘চোটের সঙ্গে লড়েছি। বাজে কথাও শুনেছি। আমার কাছে মনোযোগ ধরে রাখা, ছন্দ ধরে রাখা ছিল গুরুত্বপূর্ণ। সব ক্ষতি, হারকে আমি মেনে নিয়েছি এবং সেগুলোকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়েছি।’
 
জামাইকার ম্যানচেস্টার প্যারিসে জন্ম থম্পসনের। প্রথমে ক্রিস্টিয়ানা হাইস্কুল এবং পরে ম্যানচেস্টার হাইস্কুলের শিক্ষার্থী থাকাকালীন দৌড়ে হাতেখড়ি। প্রথমে তিনি স্প্রিন্টার ছিলেন না। বরং দূরপাল্লার দৌড়েই বেশি আগ্রহ ছিল। ধীরে ধীরে স্প্রিন্টার হিসেবে গড়ে তোলেন নিজেকে।

এদিকে, ২০০৮ সালের বেইজিং অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকের ১০০ মিটারে সেরা হয়েছিলেন ফ্রেজার-প্রাইস। পরে আর সাফল্য ধরে রাখতে পারেননি। ২০১৬ সালের রিও আসরে পেয়েছিলেন রূপা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status