ধর্ষণের জন্য ধর্ষকই দায়ী, মেয়েদের পোশাক নয় সুর বদল ইমরানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 2:12 PM
ধর্ষণের জন্য ধর্ষকই দায়ী, মেয়েদের পোশাক নয় সুর বদল ইমরানের
ধর্ষণের জন্য নারীদের পোশাক দায়ী- এমন মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশ-বিদেশে তুমুল সমালোচনার মুখে মাসখানেক যেতে না যেতেই সুর বদলে ফেললেন তিনি। এবার ইমরান খান বলেছেন, মেয়েদের পোশাক নয়, ধর্ষণের জন্য ধর্ষকই দায়ী। বুধবার সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নারীরা যতোই উত্তেজক পোশাক পরুন না কেন, ধর্ষণের শিকার হলে ধর্ষকই দায়ী হবেন। এর আগে ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান।
এর আগে তিনি বলেছেন, ছোট পোশাক পরার কারণেই নাকি পাকিস্তানে ধর্ষণ বাড়ছে। তার এমন মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি একজন নারী স্বল্পবসনা বা ছোট পোশাক পরিধান ঘুরে বেড়ান, তাহলে সেটির প্রভাব একজন পুরুষের ওপর পড়তে বাধ্য এবং এর ফলে পুরুষের মন চঞ্চল হতে পারে। আর এটা খুব সাধারণ ব্যাপার। অবশ্য তিনি যদি রোবট হন তাহলে ভিন্ন কথা।
টেলিভিশন চ্যানেলটিতে সরাসরি সম্প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্তার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে। জবাবে তিনি এসব কথা বলেন।