ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইত্যাদি এবার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 11:16 AM

ইত্যাদি এবার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে

ইত্যাদি এবার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে

দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারই ভিন্ন ভিন্ন লোকেশনে ধারণ করা হয়। করোনার কারণে এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে।

ইত্যাদির প্রতিটি পর্বে দর্শকদের উপস্থিতি থাকলেও এবারই প্রথম কোনো দর্শক থাকছে না শুটিংয়ে।

গত ১৬ জুলাই দেশের প্রথম দূর-নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থলের সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি।

অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত জানান, মেট্রোরেলের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে এই ধারণ অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

অনুষ্ঠানে গান রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। গানটির কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ক’জন স্থপতি ও প্রকৌশলী।

সম্প্রতি সিলেট অঞ্চলের একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। তৈরি হয়েছে ধূমজাল। ‘ইত্যাদি’র এবারের পর্বে সেই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।

পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। সংগৃহীত কথা ও সুরে ‘ইত্যাদি’র এবারের পর্বে তসিবার জন্য একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

 হানিফ সংকেত বলেন, শেকড়ের সন্ধানে আমরা সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি গত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় এবারের পর্বে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

রয়েছে নাটোরের বড়াই গ্রাম উপজেলার প্রকৌশলী মোঃ আমিন উল্লাহর আরেকটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদনও।

 থাকছে গ্রীসে ধারণ করা অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরানো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস।

এবারের ‘ইত্যাদি’তে কোনো আমন্ত্রিত দর্শক না থাকার পরও করা হয়েছে দর্শক পর্ব। কিন্তু দর্শক ছাড়া কিভাবে দর্শক পর্ব? মামা তথা অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর পর ভাগ্নে আফজাল শরীফকে এই প্রথম দেখা যাবে।

কিন্তু সেখানে তার ভূমিকা কী থাকবে? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ৩০ জুলাই প্রচার প্রতীক্ষিত ‘ইত্যাদি’তে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status