যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 12:11 PM
যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী
কুমিল্লা নগরীতে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার রাতে পিংকি আক্তার নামে ওই নারীকে বেধড়ক পেটান তার স্বামী বিল্লাল হোসেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের টিক্কাচর এলাকার ঘটনা এটি। বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ। বিল্লাল টিক্কাচর এলাকার বারেক মিয়ার ছেলে এবং তাদের প্রতিবেশী সাহিদ মিয়ার মেয়ে পিংকি আক্তার।
নিহতের পরিবার জানায়, পিংকি সৌদি আরব ও ওমানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে ফেরার পর চার বছর আগে প্রেম করে ট্রাকচালক বিল্লালকে বিয়ে করেন। পরে পরিবার জানতে পারে আগেও বিল্লালের একাধিক বিয়ে রয়েছে।
পিংকির পরিবার আরো জানায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে বিল্লাল। গাড়ি কেনা ও বাড়ি করার জন্য তাকে কয়েক দফা টাকা দেওয়া হয়েছে। তাতেও থামেনি সে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জেরে একাধিকবার পিংকি ও তার মাকে কুপিয়ে আহত করেন বিল্লাল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
যৌতুকের জন্য শুক্রবার রাত ১০টার দিকে পিংকিকে আবার মারধর করেন বিল্লাল। এলাকাবাসীর সহায়তায় মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেন পিংকির মা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, শনিবার পিংকির মা রেহেনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। বিল্লালের বিরুদ্ধে যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতন করে হত্যার অভিযোগ এনেছেন তিনি। আদালতের মাধ্যমে দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।