|
খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য: ব্রিটিশ হাইকমিশনারকে তলব
নতুন সময় প্রতিবেদক
|
![]() খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য: ব্রিটিশ হাইকমিশনারকে তলব রোববার (১১ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। সম্প্রতি ব্রিটিশ ফরেন অফিস বিশ্বের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মহাপরিচালক। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, বিএনপি চেয়ারপারসনের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার শাস্তি ২০২০ সালের মার্চ মাসে স্থগিত করা হয়। এ সময় শর্ত দেওয়া হয় তিনি দেশে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। পরবর্তীতে ২ দফা এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে সরকার এটি করেছে। এক্ষেত্রে গৃহবন্দি শব্দটি স্পষ্টই ভুল বার্তা দেওয়া হচ্ছে। আইনগত কোনো বিষয়ে সংশয় থাকলে সরকারের সঙ্গে আলোচনা করে বৃটিশ সরকারকে রিপোর্ট করার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় বাংলাদেশ সরকারের বক্তব্য লিখে নেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার। তিনি আশ্বাস দেন তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি তিনি অবহিত করবেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে তার দেশের পক্ষপাত নেই। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
