বিভিন্ন ব্যান্ডের নকল ট্যাবলেট কেজি দরে কিনে বিদেশি ওষুধ বলে বিক্রির অভিযোগে রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মালিবাগ থেকে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কখনও হার্টের ওষুধ, কখনও লিভারের ওষুধ, কখনও হাড়ের ওষুধ এবং বেশিরভাগ সময় যৌন রোগের ওষুধ হিসেবে চালিয়ে দিচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন- লুবনা আক্তার (২৬), আনোয়ার কাজী (২৭), রাম চন্দ্র বসাক (৬২), এসএম তাজমুল তারিক (৬৩) ও কনক কুমার শাহা (৫২)। সোমবার বিকেলে ভেজাল ওষুধ জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, নকল ওষুধ তৈরির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জালকুড়িতে অবস্থিত আয়ুর্বেদিক দাওয়াইখানা থেকে তৈরি অনুমোদনবিহীন বিভিন্ন ট্যাবলেট ও ক্যাপসুল কেজি দরে অথবা হাজার পিস ধরে কিনে নিয়ে যে যার ইচ্ছে মতো জেনেরিক নেম/ ট্রেড নেম বসিয়ে কখনও হার্টের ওষুধ, কখনও লিভারের ওষুধ, কখনও হাড়ের ওষুধ এবং বেশিরভাগ সময় যৌন রোগের ওষুধ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছিল। এসব ওষুধ যুক্তরাষ্ট্র বা চীন থেকে আমদানি করা বলেও চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, ঢাকার চকবাজার, মিটফোর্ড এলাকা থেকে তারা প্লাস্টিকের বোতল, সিপি, সিলিকন সংগ্রহ করেন। এরপর হাতিরপুল, নীলক্ষেত, ফকিরাপুল ও মালিবাগের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন হলোগ্রাম, মনোগ্রাম সম্বলিত ঝকঝকে রঙিন স্টিকার ও লেবেল তৈরি করেন। এরপর সেসব লেবেলে ভুয়া বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করা হয়।
ভেজাল এ ওষুধের পাইকারদের একটি সিন্ডিকেট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, মানিকগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়।