|
বাগমারায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
বাগমারা প্রতিনিধি
|
![]() বাগমারায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু নিহত ওই ব্যক্তির নাম হোসেন আলী (৩৯)। তাঁর বাড়ি নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৮ জুন, রাতের খাবার খেয়ে স্ত্রীসহ ঘরে ঘুমিয়ে পড়েন হোসেন আলী। স্বামীকে বিছানায় রেখে সকালে স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির কাজ করছিলেন। প্রবল বৃষ্টিপাত হওয়ার কারণে স্বামীকে ঘুম থেকে ডাকেননি। বেলা সাড়ে ১১টার দিকে সকালের খাবার প্রস্তত শেষে স্বামীকে ঘুম থেকে জাগাতে গিয়ে কোনো সাড়াশব্দ পাননি স্ত্রী। সন্দেহ হলে পাশের বাড়িতে থাকা তাঁর স্বজনদের ডেকে আনেন। এসময় তাঁরা ঘরে এসে হোসেন আলীকে মৃত অবস্থায় দেখতে পান। থানায় খবর দেওয়া হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে হোসেন আলীর লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গলায় ও মুখে দাগ রয়েছে। স্বজনেরা অভিযোগ করেন, হোসেন আলীকে মেরে ফেলা হতে পারে। এর সঙ্গে তাঁর স্ত্রী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মৃত্যুটি পুলিশের কাছে রহস্যজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহণ করে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় হোসেন আলীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
