ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার কাছে হেরে গেলেন সাবমেরিনার বদিউল আলম বীর উত্তম
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 2:45 PM

করোনার কাছে হেরে গেলেন সাবমেরিনার বদিউল আলম বীর উত্তম

করোনার কাছে হেরে গেলেন সাবমেরিনার বদিউল আলম বীর উত্তম

করোনার কাছে হার মানলেন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের অমিত বীর সাবমেরিনার বদিউল আলম বীর উত্তম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বীর উত্তম খেতারপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা (ইন্নালিল্লাহি রাজিউন)। সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের নাতি উপ-সচিব আল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের মোজাম্মেল হক সরকার ও রাবেয়া খাতুনের পুত্র বদিউল আলম। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে তৃতীয় বদিউল আলমের জন্ম ১৯৪৬ সালের ৩০ অক্টোবর। স্ত্রী শাহনাজ কাওছার। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে।

বদিউল আলম ভতরখালী হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। গাইবান্ধা কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেন। পরে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হন। তিনি ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর নৌবাহিনীতে যোগ দেন। এ সময় তিনি করাচী কারশাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা নেন। ১৯৭৩ সালে অবসর নেন। ১৯৭৪ সালের ১৮ মার্চ তিনি বৃটিশ হাইকমিশনে সি-ট্রাক ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৭ সালে তা ছেড়ে দেন। ১৯৭৭ সালে ১২ ডিসেম্বর জনতা ব্যাংকে সিকিউরিটি অফিসার হিসেবে যোগ দেন। ২০০৩ সালে প্রিন্সিপাল অফিসার পদে থাকা অবস্থায় অবসর নেন। নৌবাহিনীতে থাকার সময় তিনি ১৯৬৭-৬৮ সালে তুরস্কে প্রশিক্ষণ নেন। এরপর ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর ৫৭ জন নৌ কর্মকর্তা ও নাবিককে উচ্চতর প্রশিক্ষণের জন্য ফ্রান্সে পাঠানো হয়। এই দলে ১৩ জন বাঙালির মধ্যে বদিউল আলমও ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তারা কয়েকজন ২৯ মার্চ ফ্রান্সে অবস্থানরত পাকিস্তানী সাবমেরিন ম্যাংরো থেকে পাকিস্তানী পক্ষ ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য ফ্রান্স ছেড়ে চলে যান। ১৯৭১ সালের মে মাস থেকে নৌ কমান্ডো বাহিনী গঠন ও প্রশিক্ষক হিসেবে কমান্ডোদের প্রশিক্ষণ প্রদান, পলাশী ক্যাম্প, ১৯৭১ সালের আগষ্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের ভিতর কমান্ডো অপারেশন, জাহাজ ধ্বংস ও সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বীরত্বপুর্ণ অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বীর উত্তম পদকে ভূষিত হন তিনি।

৭৭ বছর বয়সী এই বীর যোদ্ধা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের জানাযার নামাজ সোমবার বাদ এশা ঢাকার মিরপুর সাড়ে এগারোর (পল্লবী) পলাশ নগরে  অনুষ্ঠিত হয়। পরে তাকে সেখানে দাফন করা হয়। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গাইবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status