আগুন লেগে ময়মনসিংহের নান্দাইলে কৃষকের গোলা ভর্তি প্রায় ১শত মন ধান পুড়েছে। এ সময় বিভিন্ন জাতের শস্য পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২৬ জুন) ভোররাত ৪ টার দিকে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল জব্বার ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
কৃষক আব্দুল জব্বার বলেন, আগুন লাগার সাথে সাথেই আমরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। কিন্তু, তারা আসতে অনেক দেরি করেছে। যে কারণে আমার ক্ষতি অনেক বেশি হয়েছে।
তিনি আরও বলেন, এই গ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়ারিরা নিয়মিত জুয়া খেলতে আসে। এ ছাড়া মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেয়। এরাই হয়তো চুরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে। এই আগুনে আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কৃষক জব্বারের ভাই নাজিমুদ্দিন মাষ্টার বলেন, যে ঘরটিতে আগুন লেগেছে সেটা বিভিন্ন শস্য রাখার গোলাঘর। এটি সবসময় তালাবদ্ধ থাকে। ঘরটিতে প্রায় ৩’শ মণ ধান, চাল, মরিচ ও বাদাম ছিল।
এর মধ্যে প্রায় ১০০ মণ ধানসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরটিতে কোন বিদ্যুৎ সংযোগ নেই বা এর আশে পাশে কোন আগুন লাগার মতো কোন উৎস নেই।