খালেদা জিয়া করোনামুক্ত, লন্ডন চলে যেতে পারেন আজ রাতেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 4:46 PM
খালেদা জিয়া করোনামুক্ত, লন্ডন চলে যেতে পারেন আজ রাতেই
করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ‘মৌখিক অনুমতি’ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মে) রাতের মধ্যে লিখিতভাবে তাকে বিদেশে নেওয়ার অনুমতি পাওয়া যাবে বলেও বিএনপি সূত্রে জানা গেছে।
ইতিমধ্যে তাকে বিদেশে নেওয়ার সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে যুক্তরাজ্যে যাবেন তিনি। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার এক স্বজন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ৯টার একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করতে পারেন।
তিনি বলেন, ‘গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। রাতেই আবেদন আইন সচিবের কাছে পাঠানো হয়।’
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরো আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত সোমবার (৩ মে) তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেদিন ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।