স্পিডবোট দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 3:18 PM
স্পিডবোট দুর্ঘটনা: ৬ সদস্যের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ীঘাটে স্পিডবোট দুর্ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সরকার মাদারীপুরের উপপরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল বুধবার বেলা ১১টার দিকে কাঁঠালবাড়ীঘাটের দুর্ঘটনাকবলিত স্থান ঘুরে দেখে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত, বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোস্টগার্ড নারায়ণগঞ্জের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আসমাদুল ইসলাম।
তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল দ্বিতীয়বারের মতো ঘুরে দেখেছি। ঘটনার দিনেও আমরা নিবিড়ভাবে ঘুরে দেখেছি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে বুঝতে পারছি যে, স্পিডবোটটি প্রচণ্ড বেগে এসে ধাক্কা দেয়। নিহতদের প্রত্যেকেরই মাথায় আঘাত লেগেছিল। সরাসরি প্রচণ্ড গতিতে সংঘর্ষ হলেই এটি সম্ভব।
তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। যে তথ্য-উপাত্ত পেয়েছি তা বিশ্লেষণ করে আমরা এর কারণ বের করব। পাশাপাশি এমন নৌদুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য চালকদের রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়া কোনো চালক যাতে এখানে না থাকে সে ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে।
উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের ৬ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে মঙ্গলবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।