ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সভাপতি পদ নিয়ে সুপ্রিম কোর্ট বারে হট্টগোল-হাতাহাতি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 9:26 PM

সভাপতি পদ নিয়ে সুপ্রিম কোর্ট বারে হট্টগোল-হাতাহাতি

সভাপতি পদ নিয়ে সুপ্রিম কোর্ট বারে হট্টগোল-হাতাহাতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শূন্য পদে সভাপতি নির্বাচন নিয়ে ডাকা বিশেষ সাধারণ সভায় তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা। মঙ্গলবার (৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

নির্ধারিত সভার শুরুতে সাধারণ সভায় কে সভাপতিত্ব করবেন সে বিষয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। ওই পরিস্থিতিতে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিধান অনুযায়ী আমি এ সভা পরিচালনা করবো। কিন্তু তাতে বিরোধিতা করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বর্তমান কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্লাহ। তিনি মিলনায়তনের ডায়েসে দাঁড়িয়ে ঘোষণা দেন, তিনি এ সভার সভাপতিত্ব করবেন।

পরে শফিক উল্লাহের সঙ্গে রুহুল কুদ্দুস কাজলের বাকবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে শফিক উল্লাহ অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে সমিতির সভাপতি ঘোষণা দেন। তখন তাকে সমর্থন জানান আওয়ামী সমর্থিত আইনজীবীরা। কিন্তু বিরোধিতা করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এসময় কণ্ঠ ভোট নয় ব্যালটের নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচন করার বিষয়ে আইনজীবী পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরেই মিলনায়তনের বিদ্যুৎ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেখানে অবস্থানরত আইনজীবী বাইরে বেরিয়ে আসেন।

এদিকে মিলনায়তনের বাইরে সমিতির সহ-সভাপতি শফিক উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা রেজুলেশন পাস হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে সভাপতি মনোনিত করা হয়েছে বলে ঘোষণা দেন। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের পক্ষে পাল্টা ঘোষণা দিয়ে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সাধারণ সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় সভা মুলতবি করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে কোনও আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিশেষ সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আমি শুনতে পেলাম আজ বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাকে যদি আবারও সভাপতি নির্বাচিত করা হয় আমি বিগত দুই বছরের মতো এবারেও উন্নয়ন কাজ করে যাবো।

হৈ-হুল্লোড়ের আবেশের মধ্যেই বিকেলে আইনজীবী সমিতির প্যাডে আলাদা দুটি বিজ্ঞপ্তি আসে। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ সাধারণ সভা উদ্ভূত পরিস্থিতিতে কোনো আলোচনা ও সিদ্ধান্ত ব্যতিরেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।’

অপরদিকে, সমিতির সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যাসহ কমিটির ৭ জনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গঠনতন্ত্রের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির শূন্য পদ পূরনের লক্ষ্যে সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিনের নাম আজকের সভায় সভাপতি পদে প্রস্তাব করা হয়। এই সভায় আর কোন নাম সভাপতি পদে প্রস্তাব না আসায় উপস্থিত সকল সদস্য বিপুল করতালি ও কণ্ঠভোটের মাধ্যমে সমর্থন প্রদান করলে জনাব এ. এম. আমিন উদ্দিনকে সভাপতি পদে ২০২১-২০২২ইং মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।’

গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। আর টানা দ্বিতীয়বার সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ৮টি পদে বিজয়ী হন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীর বিজয়ী হন ৬টি পদে। এরপর করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু। তার সভাপতির শূন্যপদ পূরণের লক্ষ্যে করণীয় নির্ধারনে ৪ মে ”বিশেষ সাধারণ সভা” আহ্বান করা হয়। সে সভা আজ নাটকীয়তায় রূপ নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status