ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি খেলানোর নিয়ম আছে। সেই নিয়মে সাকিব আল হাসান কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মূল একাদশে জায়গা পাচ্ছেন? শুক্রবার আইপিএলের ১৪তম আসর শুরুর আগে থেকেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশি সমর্থকদের মনে।
কেকেআরে বিদেশিদের মধ্যে আছেন- ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কেকেআরের সব ম্যাচেই এই দুইজনের থাকা বলতে গেলে নিশ্চিত। ইয়ন মরগান তো দলটির অধিনায়ক হিসেবে আছেন; তিনি যেমন অটোমেটিক চয়েজ, তেমনি আন্দ্রে রাসেল অতীত পারফরম্যান্সের বিচারে তাকে বাদ দেবে না কেকেআরের টিম ম্যানেজমেন্ট।
সাকিব-কার্টিং-নারিন-কামিন্স-ফার্গুসন-সেইফার্ড এই ছয়জনের মধ্য থেকে দুইজনকে বেছে নিলে সাকিব থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলা যায়, কেকেআরের কোচের দায়িত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম। স্বদেশি হিসেবে লকি ফার্গুসন ও টিম সেইফার্ডের প্রতি ম্যাককুলামের দুর্বলতা থাকা অবাস্তব কিছু নয়।
শুধু এই বিদেশি ক্রিকেটারদের কথা একচেটিয় বললে তো আর হবে না, আইপিএলে দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসে খেলা ভারতীয় অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকেও এবার দলে নিয়েছে কেকেআর। হরভজনের এটাই শেষ আইপিএল। তাকে সম্মান জানিয়ে দলে রাখলে সাকিব চান্স পাবেন কিনা রাজ্যের সংশয় রয়েছে।
তবে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, কলকাতার ব্যাটিং অর্ডারের তিন নম্বরে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলানো উচিত। সে ২০১৯ সালের বিশ্বকাপে তিন নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছে। আট ম্যাচের মধ্যে সাতটিতেই ছিল পঞ্চাশ ছাড়ানো স্কোর- দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান তুলেছেন সাকিব।
হার্শা ভোগলের মতো সাকিবকে খেলানোর পক্ষে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, কলকাতার একাদশে মরগান, রাসেল ও কামিন্সের জায়গা নিশ্চিত হলেও, চার নম্বর বিদেশি হিসেবে কে খেলবেন, সেটা নিয়ে জোর লড়াই হবে সাকিব আর নারাইনের মধ্যে।
তাছাড়া যতদূর জানা যায়, বাংলা এবং বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সমর্থন পেতে বাংলাদেশি সাকিবকে খেলাতে চায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। তাদের সেই চাওয়াই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের চাওয়া হোক- সেই প্রত্যাশাই করছেন সবাই।