পুনেতে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। আগামী ২৩-২৮ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এ সিরিজ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেসিডেন্ট বিকাশ কাকাটকর এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নাভেরকর একটি বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই ঠিক হয় পুনেতেই অনুষ্ঠিত হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তবে খেলাগুলি হবে দর্শকশূন্য গ্যালারিতে।
একইসঙ্গে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার জন্য এমসিএ প্রেসিডেন্টকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, মহারাষ্ট্রে সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিকে অনুরোধ করা হয়েছে যাতে ক্রিকেটার এবং অফিসিয়ালদের কথা ভেবে প্রয়োজনীয় সবরকম সতর্কতা গ্রহণ করা হয়। এরই সঙ্গে তিনম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকল অনিশ্চয়তা দূর হলো।