ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সর্বশেষ দুই ম্যাচেই গ্যালারিতে ছিল দর্শক। দুই দলের টি-২০ সিরিজেও মাঠে যথারীতি দর্শকদের উপস্থিতি থাকবে। কিন্তু পুনেতে হতে যাওয়া ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে।
পুনেতে করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় সেখানে ওয়ানডে সিরিজ আয়োজন অনিশ্চয়তায় পড়েছিল। অবশেষে মহারাষ্ট্র রাজ্য সরকার খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু শর্ত দিয়েছে, সিরিজের তিন ম্যাচেই মাঠে কোনো দর্শক থাকবে না।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সূচি অনুসারে আগামী ২৩ মার্চ ভারত-ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৬ ও ২৮ মার্চ। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
এর আগে আহমেদাবাদে আগামী বৃহস্পতিবার থেকে টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। এরপর একই মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে।