ময়মনসিংহের গৌরীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসান মিয়া (১৬) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত পৌনে ৭টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া ভাংনামারী ইউনিয়নের লক্ষীপুর দক্ষিণ পাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হাসান মিয়াকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসান মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বয়রা বাজারে নিয়ে আসার পরই মারা যান।
খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলেই আছে। তবে কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।