এখনো সর্বক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষে আজ (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রকৃত বিজ্ঞানসম্মত খাদ্য নিরাপত্তা বেশ জটিল বাংলাদেশের জন্য। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। পাশাপাশি প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এসব ব্যতীত রাসায়নিক ও অনুজৈবিক মুক্ত খাদ্য নিশ্চিত করা খুবই কঠিন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, সরকারের একান্ত প্রচেষ্টায় ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন হয়েছে। ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সংস্থাটি একান্ত প্রচেষ্টা করছে। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাতে একসময় দেশের মানুষ উন্নত দেশগুলোর ন্যায় খাদ্য সুবিধা গ্রহণ করতে পারবে।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।