পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে: আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 9:03 PM
পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে: আইজিপি
উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
বুধবার বিকেলে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির বাংলাদেশ-ভারত মৈত্রী ভবনের সম্মেলন কক্ষে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের (হেড অব ট্রেনিং) সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।
ড. বেনজীর বলেন, পুলিশের বেসিক ট্রেনিংয়ের সিলেবাস রিভিউ করে বিভিন্ন পদের দায়িত্ব ও প্রয়োজনানুযায়ী নতুন করে সিলেবাস তৈরি করা হয়েছে। বাস্তব প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে ঢেলে সাজানো হচ্ছে প্রশিক্ষণ কারিকুলাম।
তিনি বলেন, জনগণকে উন্নততর সেবা প্রদান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ অফিসার ও ফোর্সকে বছরে কমপক্ষে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্য বাস্তবায়নে পুলিশের সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদেরকে ‘কি পারসন’ আখ্যায়িত করে আইজিপি বলেন, আপনারা পুলিশের পথের দিশারী, আপনারা যেভাবে পথ দেখাবেন, পুলিশ সেভাবে চলবে। আপনারা পথ না হারালে, পুলিশ পথ হারাবে না।
সভায় প্রশিক্ষণ পুল গঠন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অবকাঠামো, যানবাহন ও জনবল বৃদ্ধিসহ প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় সূচনা বক্তব্য রাখেন- অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাযহারুল ইসলাম। পুলিশ একাডেমি, পুলিশ স্টাফ কলেজ এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারসহ অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৬০ জন ‘হেড অব ট্রেনিং’ সভায় অংশ নেন।