ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এক হাজার ভোটও পাননি।
ফলাফলে দেখা গেছে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন মাত্র ৭৭৮ ভোট। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট ও শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। নির্বাচনে ভোট প্রাপ্তির শর্তানুযায়ী সব মেয়র প্রার্থীই তাদের জামানত হারাচ্ছেন।
গত রোববার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ভোট পড়ে ১৬ হাজার ৩৩টি।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নির্বাচনে বৈধ কাস্টিং ভোটের ৮ ভাগের একভাগ যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাদের জামানত হারাবেন। মেয়র পদে একজন প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করতে ২০ হাজার টাকা জামানত প্রদান করতে হয়।
আখাউড়া পৌরসভায় ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০৮ জন। এরমধ্যে ভোট পড়ে ১৬ হাজার ৭৪১টি। বাতিল হয়ে যায় আরো ৮টি ভোট।