প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় ২৯ নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে ১৩ জন রমনা থানার এক মামলায় ও পরের ১৬ জন শাহবাগ থানার অপর মামলার আসামি।
এদিন শাহবাগ থানার মামলায় ১৬ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান। অপরদিকে রমনা থানার মামলায় ১৩ আসামির সাত দিন করে রিমান্ড চান এসআই সহিদুল ওসমান মাসুম।
আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ ডাকে বিএনপি। এদিন সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এরমধ্যে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে।