টাই না পরায় পার্লামেন্ট থেকে এমপি’কে বের করে দিলেন স্পিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 February, 2021, 1:03 PM
টাই না পরায় পার্লামেন্ট থেকে এমপি’কে বের করে দিলেন স্পিকার
গলায় টাই না পরায় নিউজিল্যান্ডের পার্লামেন্ট থেকে এক এমপিকে বের করে দিয়েছেন স্পিকার। বের করে দেয়া সেই এমপি রাউইরি ওয়াইতিতি দেশটির আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার রাজনৈতিক দল মাওরি পার্টির সহ-প্রতিষ্ঠাতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিয়ম অনুযায়ী পুরুষ এমপিরা কেবল টাই পরে থাকলেই সভাকক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারেন। তবে টাই না পরায় স্পিকার ট্রেভর মালার্ড সেই সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে দুবার প্রশ্ন করতে বাধা দেন।
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সংসদ থেকে বের হয়ে যাওয়ার সময় ওয়েইতিতি বলেন, ‘বিষয়টি টাইয়ের নয়, সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত।’
তিনি টাইকে ‘ঔপনিবেশিক ফাঁস’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর পরিবর্তে সবুজ পাথরের মালা পরেছিলেন।
দ্বিতীয়বার থামিয়ে দেয়ার পরও প্রশ্ন অব্যাহত রাখায় স্পিকার ট্রেভর মালার্ড সংসদ সদস্য রাওইরি ওয়েইতিতিকে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
স্পিকারের আচরণকে ‘আপত্তিকর’ উল্লেখ করে ওয়েইতিতি জানান, তিনি ‘মাওরি ব্যবসায়ীদের পোশাক’ পরেছিলেন।
তবে মাওরি পার্টির টাই পরিহিত আরেক নেতা ডেবি নাগেরেওয়া-প্যাকার ওয়েইতিতির বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন, কিন্তু তিনি এতে কোনো সাড়া পাননি।