‘অসম্ভবকে সম্ভব করা’র মূলমন্ত্র নিয়ে ছুটে চলেছেন চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল। ব্যবসার পাশাপাশি সিনেমাতেও দাগ রাখতে মরিয়া এই চিত্রনায়ক। শেষ করেছেন বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি ‘দিন দ্য ডে’র কাজ। চমক সৃষ্টি করে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’র। যে ছবিতে থাকছেন নামিদামি ভারতীয় ও তুর্কি শিল্পী কলাকুশলীরা।
চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায়। রোববার (৭ ফ্রেব্রুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অনন্ত।
আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, আমরা ‘দিন দ্য ডে’ নামের যে মুভিটি করেছি তা বাংলাদেশের এই প্রেক্ষাপটের নির্মিত ১শ’টি সিনেমার বাজেটের সমান। যেহেতু আমি আর ইরান যৌথভাবে ছবিটি নির্মাণ করেছি। তাই আমি শুধু বাংলাদেশি অংশটুকু ইনভেস্ট করেছি। না হলে এতো টাকা আমি একা লগ্নী করলে মার্কেট থেকে টাকা তোলে না আনতে পারলে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেতো।
তিনি বলেন, আমাদের দেশের আর্টিস্টদের তো কলকাতার দর্শকরাই চিনেন না। কারণ ভারতীয় টিভি চ্যানেল আমাদের দেশে সচল কিন্তু আমাদের চ্যানেলগুলো সে দেশে দেখা যায়না। ফলে তারা আমাদের দেখতেও পায়না এবং চিনেও না। এই বাংলাদেশের ছবি বিশ্বের ৮০টি দেশে প্রদর্শিত হবে। এটা অবশ্যই আমাদের জন্য বিশাল গর্বের।
এদিকে ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলবে এ ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং। তুরস্কেও হবে বেশ কিছু অংশের দৃশ্যধারণ।