কিশোরগঞ্জ জেলা কারাগার-১’র ভেতরে আব্দুল হাই (২৭) নামে এক আসামিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। মাদক মামলায় তিনি হাজতি আসামি হিসেবে কারাগারে ছিলেন।
জানা গেছে, গতরাতে কারাগারের অভ্যন্তরে আব্দুল হাইয়ের সাথে ঝগড়া হয় অপর হাজতি আসামি সাইদুর মিয়ার। ঝগড়ার এক পর্যায়ে সাইদুর মিয়া বাথরুম থেকে কাঠ এনে আব্দুল হাইকে বেদম পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় অপর এক হাজতি আসামি জাহাঙ্গীর আহত হন। তিনি নিকলী উপজেলার নয়াহাটি। গ্রামের ইসমাইলের ছেলে। সাইদুর মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার কালনা মাইজপাড়া গ্রামে। নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলায় তিনি হাজতবাস করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ফোন করলেও জেল সুপার বজলুর রশিদ ফোন রিসিভ করেননি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দু’জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি সিভিল সার্জন।
এ কমিটিকে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।