রুশ গোয়েন্দা সংস্থার কাছে পেলোসির ল্যাপটপ বিক্রির চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 2:27 PM
রুশ গোয়েন্দা সংস্থার কাছে পেলোসির ল্যাপটপ বিক্রির চেষ্টা
মার্কিন কংগ্রেস ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির ল্যাপটপ চুরির দায়ে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রিলেই জুন উইলিয়াম নামের ওই নারী ল্যাপটপটি রুশ গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেছিলেন। বার্তা সংস্থা এএফপি ও ওয়াশিংটন পোস্ট এমন খবর দিয়েছে।
পেনসিলভানিয়ায় নিজের বাড়ি থেকে সোমবার উইলিয়ামকে আটক করে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
রোববার উইলিয়ামের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করা হয়েছে। ক্যাপিটল হিলে দাঙ্গায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘটনায়ও তাকে দায়ী করা হচ্ছে। আর ল্যাপটপ চক্রান্তের ঘটনায় তদন্ত চলছে।
ওই নারী ল্যাপটপটি রুশ গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করেছিল বলে ধারণা করছে এফবিআই।
৬ জানুয়ারির দাঙ্গার বিভিন্ন ছবি ও ভিডিও’র ওপর ভিত্তি করে এফবিআইয়ের এক এজেন্ট বলেন, ন্যানসি পেলোসির অফিসের কাছে উইলিয়ামকে দেখা গেছে। তিনি এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
আটক এই নারীর সাবেক সঙ্গী বলেন, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করে দিতে ল্যাপটপটি রাশিয়ার এক বন্ধুর কাছে পাঠানোর পরিকল্পনা ছিল উইলিয়ামের।
‘অজ্ঞাত কারণে এটি আর বিক্রি করা হয়নি। তার মানে ল্যাপটপটি উইলিয়ামের কাছেই আছে কিংবা তিনি ধ্বংস করে দিয়েছেন।’
কিন্তু পেলোসির অফিস থেকে ল্যাপটপটি কেন চুরি করা হয়েছে; সেই কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এফবিআই’র তদন্ত অব্যাহত রয়েছে।