খাল এবং বক্স কালভার্ট পরিষ্কারে আজ থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শনিবার সকাল নয়টায় পান্থপথ বক্স কালভার্টের পান্থকুঞ্জ অংশ থেকে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ডিএসসিসিতে পড়েছে।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তার পরের দিন, শনিবার থেকেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানি খাল, মাণ্ডা খাল ও শ্যামপুর খাল এবং পান্থপথ বক্স কালভার্ট ও সেগুন বগিচা বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ করা হবে। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য যা শক্ত হয়ে গিয়েছে, সেগুলো অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি।
তিনি আরো বলেন, আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছি।