১৪ বছর পর জেল থেকে বেরিয়েই চার স্বজনকে কুপিয়েছে নুরু ডাকাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 10:11 AM
১৪ বছর পর জেল থেকে বেরিয়েই চার স্বজনকে কুপিয়েছে নুরু ডাকাত
১৪ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে ছয় মাসের মধ্যে নিজ পরিবারেরই চারজনকে কুপিয়েছে নুরু বাবুর্চি ওরফে নুরু ডাকাত। তার হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের আরো অনেকে। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও ধরাছোঁয়ার বাইরে আছেন তিনি।
বরিশালের হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামের বাসিন্দা নুরু ডাকাত গুয়াবাড়িয়ার সীমানা সংলগ্ন মুলাদী উপজেলায় থাকে। সে সন্ধ্যার পর আচমকা গুয়াবাড়িয়ায় ঢুকে তার টার্গেট ব্যক্তিকে কুপিয়ে পালিয়ে যায়। কোড়ালিয়া ও আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্কে বিরাজ করছে।
জেল থেকে বেরিয়ে ছয় মাসের মধ্যে প্রথমে কুপিয়েছে আপন চাচাতো ভাই কাঞ্চন বাবুর্চিকে। এরপর আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলুফা বেগমকে কুপিয়ে জখম করে সে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় কাউরিয়া বাজারে কাঞ্চনের ছেলে শহীদ বাবুর্চিকে কুপিয়ে জখম করে নুরু।
গুয়াবাড়িয়ার ইউপির চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, নুরু ভয়ংকর লোক। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে ২০২০সালের জুলাইয়ে মুক্তি পেয়েছে। এর পরই সে একে একে চার প্রতিপক্ষকে কুপিয়ে জখম করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ২০-২২ বছর আগে নুরু বাবুর্চির নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়েছেন মাওলানা নজরুল ইসলাম ও তার পরিবার। ওই সময় নুরু বাবুর্চি দিনদুপুরে তার দাদা শ্বশুরের কান কেটে নিয়ে উল্লাস করেছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, নুরু বাবুর্চিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।