বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানাধীন এলাকার অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।
অভিযানে থাকা ডিবি পুলিশের এসআই মহিইদ্দন মাহি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলিব্যাগ উদ্ধার করা হয়। তার মধ্যে রক্ষিত ছিল ৫ কেজি গাঁজা।
বরিশাল নগরীর রসুলপুর এলাকার এক ব্যক্তিকে পৌঁছে দেয়ার উদ্দেশে গাঁজার চালান নিয়ে আসে বলে জানিয়েছেন আটককৃতরা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এর আগেও একাধিকবার বরিশালে মাদকের চালান নিয়ে আসে এবং বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দেয়।
এ ঘটনায় এসআই মহিউদ্দিন বাদী হয়ে ওই দুই জনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছেন।