ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
১৮ বছর পর শিকলমুক্ত হলো দুই বোন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 12:06 PM

১৮ বছর পর শিকলমুক্ত হলো দুই বোন

১৮ বছর পর শিকলমুক্ত হলো দুই বোন

ছোট্ট একটি ঘরে প্রায় ১৮ বছর ধরে শিকলে বেঁধে রাখা হয়েছে দুই বোন পাপড়ি ও অনন্যাকে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে শিকলমুক্ত হলো তারা। ১৮ বছর আগে দুই বোনকে একটি ঘরে পায়ে শিকল লাগিয়ে তালাবন্ধ করে রাখা হয়েছিলো। কারণ তারা মানসিক ভারসাম্যহীন আর প্রতিবেশীদের জন্য নাকি যন্ত্রণাদায়ক। তাদের যত্ন নেয়ার কেউ নেই। পার না ঠিকমতো খাবার। ফলে অসহায় দুই বোন ভুগছেন পুষ্টিহীনতায়।

পাপড়ি বয়স ২৬ বছর ও অনন্যার ২২। তাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামে। মা-বাবা মারা গেছেন অনেক আগে। এখন ছোট ভাই সম্রাট দেখাশোনা করেন তাদের। আরেক ভাই মুশফিকুর রহমান অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত। অভাবের সংসারে তার স্কুলে যাওয়া বন্ধ।

জানা যায়, আদারভিটা গ্রামে লাল মামুদ সরকার বাড়ি নামে পরিচিত। ওই গ্রামের আবদুল মান্নানের মেয়ে পাপড়ি ও অনন্যা। তাদের একটি ঘরে শিকলবন্দি করে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় চলে খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কাজকর্ম।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার আদারভিটা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৯৯ সালে পাপড়ি খাতুন ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন। এরপর ২০০১ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় অনন্যা খাতুনের একই রকমের মানসিক সমস্যা দেখা দেয়। তাদের আচরণ দিন দিন অস্বাভাবিক হতে শুরু করে। একপর্যায়ে তারা দুজনই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এতে করে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাদের বাবা আবদুল মান্নান জামালপুরে পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে ছোট পদে চাকরি করতেন। দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়েন তিনি। দুই বোন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি শুরু করেন। এ জন্য প্রতিবেশীদের নানা কথাও শুনতে হয় আবদুল মান্নানকে। এতে নিরুপায় হয়ে দুই মেয়েকে শিকল পরিয়ে ঘরে আটক রেখে লালনপালন শুরু করেন তিনি। শিকল পরানোর পর থেকে দুই বোন আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

একপর্যায়ে বাবা আবদুল মান্নান ২০১০ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। এরপর ২০১৪ সালে তাদের মা শাহিনা পারভীনও মারা যান। ছোট দুই ভাইয়ের জীবনে শুরু হয় নতুন লড়াই। এর মধ্যে সম্রাট এখন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সামান্য আয়ে তাদের দুই বোনের লালনপালন ও ছোট ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে।

সম্রাট মিয়া বলেন, আমাদের বাবা একটি ছোট চাকরি করতেন। নিজের বলতে দেড় বিঘা কৃষিজমি রেখে গেছেন। অভাবের তাড়নায় তা অনেক আগেই বন্ধক রাখতে হয়েছে। পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। অনেক সময় খাবারও সংগ্রহ করতে পারি না। এর মধ্যে বোনদের চিকিৎসা করাব কীভাবে। শিকলমুক্ত করলে তারা কারো ক্ষতি করতে পারেন! তাই তাদের শিকল পরিয়ে বেঁধে রাখি। কেউ আমার দুই বোনের চিকিৎসার দায়িত্ব নিলে আমরা চিরদিন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।

পাপড়ি ও অনন্যার এক চাচা আবদুল হাই বলেন, টাকার অভাবে দুই বোনের চিকিৎসা করানো যাচ্ছে না। ভালো চিকিৎসা করানো হলে অবশ্যই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। দুই বোনের খবর সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হলে সোমবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে মাদারগঞ্জের ইউএনও মো. আবুল মনসুর ঘটনাস্থলে গিয়ে শিকলবন্দি দুই বোনের খোঁজখবর নেন এবং তাদেরকে শিকলমুক্ত করেন এবং চিকিৎসা র ব্যবস্থা করা হবে বলে জানান। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফুর রহমান আতা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status