ব্যাংক পাড়া টার্গেট করে অটোরিকশায় ঘোরাফেরা, এরপর সুযোগ বুঝে ছিনতাই। অভিযান চালিয়ে এমন একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নুরুল হক সজীব, মো. শহীদ ওরফে চৌধুরী, আব্দুল খালেক, মো. ইব্রাহিম, মো. সাব্বির ওরফে হেদায়েত বিশ্বাস ও মোস্তাকিন হোসেন মিঠু।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ১৭ নভেম্বর নগরীর লালখান বাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি। অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনইতাইকারীরা। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার নগরীর সিআরবি এলাকা থেকে মোস্তাকিন হোসেন মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে গোপালগঞ্জের মোকসুদপুর থেকে সাব্বির ওরফে হেদায়েত বিশ্বাসকে ও নগরীর ওয়াসা এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, তিনটি টিপ ছোরা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ব্যাংক পাড়া টার্গেট করে অটোরিকশায় ঘোরাফেরা করেন তারা। এরপর সুযোগ বুঝে গাড়িতে তুলে অস্ত্রের মুখে হাতিয়ে নেন টাকাসহ মূল্যবান জিনিসপত্র। গ্রেফতারদের পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ছিনতাই ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।