চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। তবে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সব টুর্নামেন্টের মতো এশিয়া কাপ ক্রিকেটের আসরটিও স্থগিত করা হয়। তবে সেটি আগামী বছর অর্থাৎ ২০২১ সালের জুনে বসছে শ্রীলঙ্কায়। আর ২০২২ সালের এশিয়া কাপের আসরটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসব খবর।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, ২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে, আগামী বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ওয়াসিম খান। ভারতে করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ায় আরব আমিরাতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসর বসবে বলে জানান ওয়াসিম।