জামালপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগম (৩৫) কে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী সাঈদ আলীকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী ইউনিয়নের মনিরামপুর গ্রাম থেকে ঘাতক স্বামী সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালেমুজ্জামান জানান, রবিবার রাতে হত্যাকান্ডের ঘটনায় নিহত ফাতেমার মা জয়গুন বেগম বাদী হয়ে ঘাতক স্বামী সাঈদ আলীকে আসামি করে সোমবার জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। পরে গোপনে খবরের ভিত্তিতে সাঈদ আলীকে মেলান্দহ উপজেলার মনিরামপুর গ্রামে অবস্থিত তার বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, রবিবার (৪ অক্টোবর) রাত ১০ টার দিকে জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ফাতেমাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী সাঈদ আলী। ওই রাতেই ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহত ফাতেমার মা বাদী হয়ে জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে ওই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।