নাটোরে দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবির পিয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি আমদানি করা পিয়াজ বিক্রি হচ্ছে টিসিবির দোকানে ৩০ টাকা কেজি দরে।
তেল-ডালসহ অন্যান্য পণ্যের সঙ্গে পিয়াজ দেওয়া হচ্ছে ৫০ টাকায় ১ কেজি ৬০০ গ্রাম। কিন্তু ক্রেতারা এই পিয়াজের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে নাটোর উত্তরা গণভবনের সামনে আমবাগানে করোনাকালীন সময়ে স্থাপিত হাট-বাজারে এই পিয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়।
ক্রেতারা দাবি করছেন, পিয়াজের পরিমাণ আর একটু বাড়ানো যায় কি না।
টিসিবির পণ্য বিক্রেতা জানান, অন্যান্য সামগ্রীর সাথে আপাতত ১ কেজি ৬০০ গ্রাম করে পিয়াজ দেওয়া হচ্ছে ৫০ টাকায়। তবে শুধু পিয়াজ বিক্রি হচ্ছে না। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এই পরিমাণ পিয়াজ আপাতত বিক্রি করা হচ্ছে। তবে পরবর্তী সময়ে পিয়াজের যোগান পাওয়া সাপেক্ষে বেশি প্রদান করা যেতে পারে।
এদিকে, মঙ্গলবার উপজেলার শংকরভাগ ও বনপাড়া হাট ছিল। এই হাট দুটিতে পিয়াজ বিক্রি হয়েছে পাইকারি দর ৮০-৮৫ টাকায়। এছাড়া নাটোরের গোপালপুর, লালপুর, গুরুদাসপুর ও দয়ারামপুরে খুচরা পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। আর নাটোর সদরের আজ সকালে এলসি পিয়াজের দাম ছিল ৪৫ টাকা, আর দেশি পিয়াজ ৮০ টাকা।