ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নামে সামান্য পার্থক্য বাকি সব একই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 1:30 AM

নামে সামান্য পার্থক্য বাকি সব একই

নামে সামান্য পার্থক্য বাকি সব একই

করোনাভাইরাস মহামারির মধ্যে নকল মাস্ক সরবরাহের অভিযোগে দায়ের মামলায় আওয়ামী লীগের উপকমিটির সাবেক নেত্রী শারমিন জাহান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ (ডিবি) আজ শুক্রবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন।

অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপকমিটির সহসম্পাদক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত তিনি। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দায়। তিনি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

সম্প্রতি করোনার টেস্ট কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদ করিমও আওয়ামী লীগের একটি উপকমিটিতে স্থান করে নিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার শাহবাগ থানার ওসি আবুল হাসান কালের কণ্ঠকে বলেন, গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের হয়েছে, তদন্ত চলছে।

এজাহারের বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্টার হিসেবে কর্মরত শারমিন জাহানের মালিকানাধীন ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ গত ২৭ জুন ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। পরে এই কার্যাদেশের বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১৩০০,  জুলাইয়ে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরো ৪৬০ ও ১০০০ এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে।  তৃতীয় ও চতুর্থ দফায় পণ্য ‘সামগ্রিক গুণগতমানের  স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি’ বলে এজাহারে অভিযোগ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, কোনো কোনো ফেস মাস্কের বন্ধনী ছিঁড়ে  গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে  লেখা ‘ত্রুটিপূর্ণ’ পাওয়া গেছে। এর ফলে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত।

পুলিশ জানায়, এ বিষয়ে গত ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসএমএমইউ। এরপর ২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখ প্রকাশ করেন, যা আসামির দোষ স্বীকারের শামিল। এ বিষয়টি আমলে নিয়ে শারমিন জাহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয় বলে ওসি জানান।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান।  গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন।  তাঁর শিক্ষা ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি।  এর মধ্যে চীনে থাকা অবস্থায় গত বছরের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী নিজের ব্যবসা শুরু করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন জাহান সাংবাদিকদের জানান, তিনি নকল মাস্ক সরবরাহ করেননি। তিনি বলেন, ‘এই মাস্ক আমরা তৈরি করিনি, এই মাস্ক চীন থেকে আনা হয়েছে। প্রডাক্ট খারাপ হলে, বিএসএমএমইউ প্রথমবারই বলতে পারত। তাহলে সেটা যাচাই করে দেখা যেত। এখন আইনি প্রক্রিয়ায় অভিযোগের মোকাবেলা করা হবে। মামলা যে কেউ করতে পারে। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status