রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে বছরের বেশির ভাগ সময়ই নানা ধরনের সমস্যাসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েন যানবাহনের চালকরা।
ঘাট এলাকায় নানা অব্যবস্থাপনাসহ একটি অসাধু চক্র যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকদের সাথে নিয়মিত প্রতারণা করে আসছে।
ফেরিতে জুয়ার ফাঁদ, যাত্রীবাহী বাসের ভুয়া টিকিট বিক্রি, ছিনতাইকারীদের দৌরাত্ব্যে অতিষ্ঠ সাধারণ যাত্রী ও চালকরা। এরসাথে যোগ হয়েছে বকশিশের নামে চাঁদাবাজি। ফেরি থেকে নামার সময়ই এই চক্রের সদস্যদের হাতে গুঁজে দিতে হয় ১০ টাকা করে। কিন্তু কেন এই ১০ টাকা দিতে হয় এমন অনুসন্ধানে নামলে চক্রটির সদস্যরা বার্তা২৪.কমকে বলেন- ভাই এটি আমাদের বকশিশ।
তবে চালকদের অভিযোগ, বকশিশের নামে এটি রীতিমত একটি চাঁদাবাজি। দীর্ঘদিন ধরেই এই প্রথা চালু হয়ে আসছে। আমরা বকশিশ নামের এই চাঁদাবাজি থেকে মুক্তি চাই।
আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় মাঝে মাঝে চক্রটি ঝিমিয়ে পড়লেও অদৃশ্য কারণে তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের দাবি, ফেরি থেকে সুশৃঙ্খলভাবে গাড়িগুলোকে নামতে সহযোগিতা করার কারণে চালকরা তাদের ১০ টাকা করে বকশিশ দেন। ফেরিতে জুয়ার ফাঁদ, যাত্রীবাহী বাসের ভুয়া টিকিট বিক্রি, ছিনতাইকারীদের দৌরাত্ব্যে অতিষ্ঠ সাধারণ যাত্রী ও চালকরা। এরসাথে যোগ হয়েছে বকশিশের নামে চাঁদাবাজি
শুক্রবার ( ২৪ জুলাই) দৌলতদিয়া ঘাটের ৫ নং পল্টুনে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দুজন করে বকশিশ নেওয়ার চক্রের সদস্য চাঁদা তুলছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও।
একটি সূত্র জানায়, দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজার গাড়ি পারাপার হয়। প্রতি গাড়ি থেকে ১০টাকা করে বকশিশ নেওয়া হয়। প্রতিদিন গড়ে ২০ হাজার টাকা এভাবে আদায় করা হয়। যা মাসে দাঁড়ায় প্রায় ছয় লাখ টাকা। বিআইডব্লিউটিসি’র কিছু অসাধু অফিসার ও সদস্যদের মধ্যে এসব টাকা ভাগ ভাটোরা করা হয় বলেও সূত্রটি জানায়।
একাধিক চালক বার্তা২৪.কমকে অভিযোগ করে বলেন, বকশিশের নামে এই চাঁদাবাজি যেন একটি নিয়মে পরিণত হয়েছে দৌলতদিয়া ঘাটে। বকশিশ না দিলে আমাদেরকে নানা ভাবে হয়রানি করে। আমাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়।
এদিকে সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেন, দৌলতদিয়া ঘাটে কারা টাকা নেয় সেটা চেনা যায় না। বিশেষ করে আইডি কার্ড প্রদর্শন না করাসহ সুনির্দিষ্ট পোশাক না থাকার কারণে অনেক সময় আমাদের টাকা গচ্ছা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রণি বার্তা২৪.কমকে বলেন, এই বিষয়টি আমাদের বিভাগেরই অন্য একটি শাখা দেখে। যে কারণে আমি কোন মন্তব্য করবো না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মেরিন বিভাগের (এজিএম) মো. আব্দুর সাত্তার মিয়া বকশিশ নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে এটি প্রচলিত হয়ে আসছে। দীর্ঘদিনের প্রচলিত প্রথা বলে এটি নেওয়া হয়। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে যদি নেওয়া হয় সেটি অমানবিক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের কার্গো ও ফেরি বিভাগের জিএম (কমার্স) এস এম আশিকুজ্জামান বলেন, বকশিশ নেওয়ার কোন সুযোগ নেই। যদি এ রকম হয়ে থাকে তাহলে বিষয়টি দুঃখজনক। বকশিশের বিষয় বন্ধের ব্যাপারে দৌলতদিয়া-পাটুরিয়াতে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।