দেশে চলামান বন্যা পরিস্থিতি সবচেয়ে অবনতি হয়েছে উত্তরাঞ্চলে। তবে পূর্বাঞ্চলে অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও অনেক মানুষ পানিবন্দী ও ঘর ছাড়া অবস্থা খোলা আকাশের নিচে পরিবার নিয়ে বাস করছে। এমন চিত্র দেখা গেছে ফরিদপুর সদর উপজেলায়।
উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার বাসিন্দা কৃষক মো. বাচ্চু শেখ (৫৫)। ঘরের মধ্যে মাজা (কোমর) সমান পানি উঠে গেছে। এক সপ্তাহ পার হয়ে গেছে পরিবার নিয়ে পাশের বেড়িবাঁধের উঁচু সড়কের ওপর আশ্রয় নিয়েছেন তিনি।
বাচ্চু শেখ বলেন, ‘পানির ধারে মাচান বাঁধছি। এরপর উপরেত্যা সমানে ঝড়তিছে বৃষ্টির পানি।’ পলিথিন আর বাঁশ দিয়ে তৈরি করা তার অস্থায়ী ছাউনি যে কখন বাতাসে উড়িয়ে নিয়ে যায় সে ভাবনায় তার ঘুম আসে না।
তিনি আরো বলেন, ‘চাইরদিকে পানি, কাজকাম পাইতেছি না। পরিবারের বাল-বাচ্চা নিয়্যা নিদারুন কষ্টে দিন কাটাইতে হইতেছে। চাইল আর শুকন্যা খাবারে কয়দিন চলবে? এহন আমরা আর এই চাইল চাই ন্যা, আমাগেরে কাজ দেন।’ এভাবেই জীবন জীবিকার উপায় পাওয়ার আশায় সাংবাদিকদের নিকট আকুতি জানান তিনি।
বাচ্চু আরো জানান, স্ত্রী ও তিন সন্তানের সাথে পালের গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে এখানে বসত গড়েছেন। এখানে আসার পর একবার এলাকার চেয়ারম্যান কিছু চাল আর শুকনো খাবার দিয়ে গেছে। তাতে তো আর সকলের পেট বাঁচে না বলে তার আক্ষেপ।
একই অবস্থা ষাটোর্ধ্ব নারী নুরজাহান বেগমের। শহরের আলিয়াবাদ ইউনিয়নের বর্ধিত পৌরসভার ২৫ নং ওয়ার্ডের হরিসভার বাসিন্দা তিনি।
বৃদ্ধ নুরজাহান বেগম বলেন, ‘হঠাৎ কইর্যা বানের পানিতে বাঁধ ভাইঙ্গ্যা ঘরবাড়ি তলায় গেছে। ঘরের মাল-ছামানাও কিছু বাইর করতি পারি নাই। পাঁচজন ছাওয়াল-মাইয়ার সাথে গরু-বাছুর নিয়্যা রাস্তার ওপর পলিথিন আর বাঁশের বেড়া দিয়্যা ঘর তুইল্যা রইছি। এখন কয়ডা টিন পাইলে ঘরডা তুলতি পারতাম।’
ওই এলাকার আরেক বাসিন্দা হাফিজা খাতুন। তিনি বলেন, ‘পরিবারের হগলতিরে নিয়্যা আইজ প্রায় একসপ্তাহ রাস্তায় পইর্যা রইছি। আমাগের অবস্থা যেমন তেমন, গরু ছাগলের খাবারও জুটাইতি পারতেছি না। অবলা প্রাণী খিদায় (ক্ষুধা) চিৎকার করে। সহ্য করা যায় না।’
ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় পরিবারসহ সড়কে আশ্রয় নিয়েছেন গৃহিণী আছিয়া বেগম। তিনি বলেন, ‘গত পাঁচদিন হইলো এহেনে (রাস্তায়) উঠছি। একবার চিড়্যা আর মুড়ি দিছিল। তারপর আর কেউর দেখা নাই। এহন কি কইর্যা দিন চলবি আমাগের।’
চলমান বন্যায় ঘরহারা মানুষের মাঝে এখন শুধু এমন হাহাকারের চিত্র। গত দুই সপ্তাহ ধরে পদ্মার পানিতে ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চরাঞ্চলে প্রথমে বন্যার পানি প্রবেশ করে। এরপর গত চার পাঁচদিনে বিভিন্ন স্থানে পানি বেড়ে যাওয়ায় ও বাঁধ ভেঙে পড়ায় প্লাবিত হয় এসব উপজেলার আরো বিস্তীর্ণএলাকা। এছাড়া আড়িয়াল খাঁ ও কুমার নদের পানি বেড়ে বিভিন্ন খালনালা দিয়ে পানি প্রবেশ করেছে পার্শ্ববর্তী ভাঙ্গা ও নগরকান্দা উপজেলাতেও।
ফরিদপুরের জেলা প্রশাসনের তথ্য মতে, জেলার পাঁচটি উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা প্রশাসক অতুল সরকার দাবি করেন, বন্যার্ত মানুষদের জন্য বৃহস্পতিবার পর্যন্ত ৫৫০ মেট্রিক টক চাল, সাত হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব সামগ্রী সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এছাড়াও ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।