ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
১ টাকা খরচে হাজার টাকার উপকার: স্বাস্থ্য অধিদফতর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 9:07 PM

১ টাকা খরচে হাজার টাকার উপকার: স্বাস্থ্য অধিদফতর

১ টাকা খরচে হাজার টাকার উপকার: স্বাস্থ্য অধিদফতর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মাস্কের পেছনে এক টাকা ব্যয়ের অর্থনৈতিক মূল্য এক হাজার টাকা।  এমনটাই মত দিলেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতো বুধবারও নিয়মিত বুলেটিনে মাস্ক ব্যবহারের ওপর বেশ জোর দেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। এ সময় মাস্ক ব্যবহারের অর্থনৈতিক মূল্য তুলে ধরে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বলেছেন, একজন মাস্ক ব্যবহার করলে তার অর্থনৈতিক উপকার হলো ৩ হাজার থেকে ৬ হাজার মার্কিন ডলার। কারণ মাস্ক ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধের ফলে আক্রান্ত না হলে এ পরিমাণ অর্থ সাশ্রয় করা যায়।

কোভিড-যুদ্ধের প্রধান অস্ত্র মাস্ক ব্যবহার উল্লেখ করে ঘরের তৈরি মাস্ক দিয়েও জীবাণু প্রতিরোধ সম্ভব বলে জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। ডা. নাসিমা সুলতানা বলেন, ঘরে তৈরি কাপড়ের মাস্কই বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্য সম্মত। ঘরে তৈরি মাস্কই আমরা ব্যবহার করতে পারি। ঘরের পুরোনো কাপড় দিয়েও তিন স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে পরা যায়।

ডা. নাসিমা সুলতানা বলেন, যদি আমরা ১ টাকার একটি মাস্কের পেছনে ব্যয় করি, তবে ১ হাজার টাকার উপকার পাব। কারণ এ মাস্ক ব্যবহার করে আমি আমার রোগ প্রতিরোধ করতে পারব।


একই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও জোর দিলেন ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার বিষয়টিও এর সাথে অব্যাহত রাখতে হবে।

বুলেটিনে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।


এর আগে সাধারণ ছুটি শেষে রোববার (৩১ মে) প্রথম কর্মদিবসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ ছুটি শেষে অফিস খোলার তৃতীয় দিন মঙ্গলবার (২ জুন)  আরও ২ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া আরও ৩৭ জনের মৃত্যু হয়।

ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরুর পর থেকে বেশিরভাগ দেশই ভাইরাসটিতে তেমন পাত্তা দেয়নি। অনেক দেশই ধারণা করেছিল, এটি চীনা ভাইরাস এবং এর সংক্রমণ হয়তো ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়বে না। এজন্য সেখানকার দেশগুলো তেমন কোনো পদক্ষেপও নেয়নি। ফলও দিতে হচ্ছে তাদের। কারণ সংক্রমণ সংখ্যার দিক থেকে প্রথম দেশগুলোর তালিকার মাঝেই নেই চীন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। এ ছুটি আরেক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে বুধবাবার (৩ জুন) সকাল ৯টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭১ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ লাখ ২৩ হাজার ৬৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৭৯ হাজার ৫২১ জন। এদের মধ্যে ৩০ লাখ ২৪ হাজার ৯৯৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৪ হাজার ৫২৮ জনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status