মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপের সহায়তা চায় ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:04 PM
মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপের সহায়তা চায় ইরান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপের দেশগুলোকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরান ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। মার্কিন এই অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোকে রুখে দাঁড়াতে হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌল নিনিসতোর সঙ্গে ফোনালাপে হাসান রুহানি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ইরানের ওপর নিষ্ঠুর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আমেরিকা প্রায় সাড়ে আট কোটি মানুষের জীবনকে পণবন্দী করেছে এবং ইরানে জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আসতে দিচ্ছে না।
তিনি বলেন, চলমান অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে ফিনল্যান্ডের উচিত তার দায়িত্ব পালন করা এবং মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।