লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যায় ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:42 AM
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যায় ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা
লিবিয়ায় মানবপাচার ও ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩৮ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১। মামলার এজহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।
উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়া সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি রেখেছিল মানবপাচারকারী চক্র।
এ নিয়ে এক পর্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হয়। তারই প্রতিশোধ হিসেবে সেই মানবপাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।