ওপর থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল ছোট্ট স্কেট-কন্যা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 7:57 PM
ওপর থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল ছোট্ট স্কেট-কন্যা (ভিডিও)
বয়স মাত্র ১১। এই বয়সেই পেশাদার স্কেটবোর্ডার হিসেবে অলিম্পিকের মতো আসরে খেলতে যাচ্ছে স্কাই ব্রাউন। ব্রিটেনের হয়ে অলিম্পিক প্রস্তুতি নেয়া এই অ্যাংলো-জাপানিজ স্কেটারকন্যা অনুশীলনের সময় মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় স্কেট ট্রেনিংয়ের এক পর্যায়ে ওপর থেকেই পড়ে যায় ব্রাউন। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে বিশ্বের সর্বকনিষ্ঠ এই স্কেটার।
দুর্ঘটনায় মাথার খুলিতে ফাটল ধরেছে ব্রাউনের। বাঁ হাতের কব্জিও ভেঙে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে হেলিকপ্টার দিয়ে হাসপাতালে পাঠানো হয়, ওই সময় জ্ঞান ছিল না।
তবে পরে জ্ঞান ফিরেছে। শুধু তাই নয়, সাহসী এই অ্যাথলেট বলছে, আগামী টোকিও অলিম্পিকে যেভাবেই হোক খেলতে চায়, এত বড় ধাক্কা খাওয়ার পরও!
স্ক্রাই ব্রাউনের বাবা স্টুয়ার্ট বলেন, স্কাইয়ের মাথাটা প্রথমে মাটিতে পড়ে হাতের ওপর ভর দিয়ে। যখন প্রথম তাকে হাসপাতালে নেয়া হয়, বাঁচবে কিনা সন্দেহ ছিল। তার জীবনে এভাবে কখনই পড়েনি। ভাগ্যগুণে বেঁচে গেছে। তারপরও সে মানসিকভাবে শক্ত আছে, চিকিৎসকরা এটা দেখে অবাক।
একটু সুস্থ হয়েই ব্রাউন বলছে, আগামী বছর টোকিও অলিম্পিকে সোনার জন্য লড়বে। ১১ বছর বয়সী এই স্কেটারের বিস্ময় উচ্চারণ, এটা আমাকে থামাতে পারবে না। আমি টোকিও ২০২১ অলিম্পিকে সোনার জন্য লড়তে যাব। কিছুই আমাকে আটকাতে পারবে না।
ব্রাউন আরও বলেছে, আমি চাই সবাই জানুক এটা হতে পারে। দুশ্চিন্তার কিছু নেই। আমি ঠিক আছি। মাঝেমধ্যে এমন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। আমি ফিরব, আরও শক্তভাবে।