লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) পাসপোর্ট আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই নুরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা পাসপোর্ট আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিরপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে হাজী কামালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর ভাটারা থানায় পাসপোর্ট আইনের ১১(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। গতকালই রাজধানীর গুলশান এলাকা থেকে হাজী কামালকে গ্রেপ্তার করে র্যাব।