রামগড় সীমান্তের শূন্য রেখায় তিন দিন ধরে আটকা 'প্রতিবন্ধী' নারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2020, 5:34 PM
রামগড় সীমান্তের শূন্য রেখায় তিন দিন ধরে আটকা 'প্রতিবন্ধী' নারী
খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড এ আটকে পড়া নারীকে ফেরত পাঠাতে বিজিবি-বিএসএফ'র কয়েক দফা পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গত শুক্রবার রামগড় আনন্দপাড়া আবাসিক এলাকার নো ম্যানস ল্যান্ডে দুইদফা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রামগড় ৪৩ বিজিবি কমান্ডার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গত বৃহস্পতিবার থেকে ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর নো ম্যানস ল্যান্ডে দেখা যায়। শনিবার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকও কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়। বৈশ্বিক মহামারি করোনায় উভয় দেশের সীমান্তরক্ষীরা ভয়ের মধ্যে আছেন। এরই প্রেক্ষাপটে ওই নারী বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বিজিবি সদস্যরা তাকে বাধা দেয়।
অন্যদিকে, ভারতে প্রবেশে বাধা দিচ্ছে বিএসএফ। বিএসএফ’র দাবি তিনি বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি কিনা বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাকে বাংলাদেশের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে জানায় রামগড় বিজিবি সূত্র।
এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী সম্ভবত পাগল (মানসিক ভারসাম্যহীন)। সে বর্তমানে ফেনী নদীর রামগড় অংশে বালি চরে অবস্থান করছে। সরেজমিন সোমবার বেলা দুইটায় বালিচরে তাকে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে পানি ও খাবার দিয়ে যাচ্ছেন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ হ ম বদরুদ্দোজা বিষযটি নিশ্চিত করে বলেন, যেহেতু বিষয়টি সীমান্ত এলাকায়। তাই বিজিবি দেখাশুনা করছেন।