ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মুহিদ্দিন বিধিসম্মত প্রধানমন্ত্রী নন: মাহাথির
নতুন সময় আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 12:27 PM

মুহিদ্দিন বিধিসম্মত প্রধানমন্ত্রী নন: মাহাথির

মুহিদ্দিন বিধিসম্মত প্রধানমন্ত্রী নন: মাহাথির

কুপোকাত হয়ে পড়েছেন দোর্দণ্ড প্রতাপশালী সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।  দুর্নীতির বেড়াজালে আটকেপড়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আবার পর্দায় ভেসে উঠছেন। ক্ষমতা নিয়ে মালয়েশিয়ায় একের পর এক নাটকীয়তা।  এমন অবস্থায় রাজা আগোং নিয়োজিত প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বিধিসম্মত প্রধানমন্ত্রী নন বলে ঘোষণা দিয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়েতে মুহিদ্দিন ইয়াসিনের সংখ্যাগরিষ্ঠতা নেই। মাহাথির মোহাম্মদ ইয়াইয়াসান আল বুখারিতে সংবাদ সম্মেলনে বলেছেন, এমপিদের সংখ্যাগরিষ্ঠতা ভাণ্ডারে নেই এমন একজন মানুষকে জনগণ দেখছে যে, তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন।  তিনি আসলে বিধিসম্মত প্রধানমন্ত্রী নন। মাহাথির আরো বলেছেন, খুব উদ্ভট বিষয় হলো নির্বাচনের পরে বিজয়ীরা সরকার গঠন করে।

আর এখন একই নির্বাচনে পরাজিতরা সরকার গঠন করছে।  আর বিজয়ীরা হয়ে পড়েছে বিরোধী দল।  এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার।

মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকায়েতে ২২২ আসনের মধ্যে কোনো দলকে সরকার গঠন করতে প্রয়োজন হয় কমপক্ষে ১১৪ জন এমপির সমর্থন। মাহাথির দাবি করছেন এই সংখ্যক এমপির সমর্থন রয়েছে তার প্রতি।  তবে তিনি এই এমপিদের তালিকা নিয়ে রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগোংয়ের দরবারে যাননি।

এ বিষয়ে মাহাথির বলেছেন, রাজা আগোং আমাকে আর দেখতে চান না।  তাই তিনি মুহিদ্দিনকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। তাকে আমি এটা বলার মতো সুযোগ পাইনি যে, মুহিদ্দিনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।  এটাই হলো পরিস্থিতি।

উল্লেখ্য, রোববার মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের দলের সভাপতি মুহিদ্দিন ইয়াসিনকে শপথবাক্য পাঠ করান রাজা। এর মধ্য দিয়ে মাহাথির মোহাম্মদের শেষ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেও ক্ষমতার মেয়াদের ইতি ঘটেছে।  এর আগে কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী, মালয়েশিয়া কি নতুন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে- এ নিয়ে চারদিকে তুমুল কৌতুহল দেখা দেয়।  

এরই মধ্যে মুহিদ্দিন ইয়াসিন তার দলের চেয়ারম্যান ড. মাহাথির মোহাম্মদ ও পিকেআর পার্টির প্রধান আনোয়ার ইব্রাহিমকে বাইরে রেখে নিজেদের দলের কিছু অংশ, দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল ইউএমএনও এবং বিরোধী আরো কিছু দলকে নিয়ে পর্দার আড়ালে নতুন জোট গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন।  তিনি রাজাকে বোঝাতে সক্ষম হন যে, তার সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শনিবার ঘোষণা দেন রাজা আগোং।  রোববার তাকে শপথ পড়ানো হয়।

এ সম্পর্কে মাহাথির বলেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদেরকে সমর্থন করছেন ১১৪ জন এমপি। কিন্তু দৃশ্যত আমাদের এইা দাবিকে উপেক্ষা করা হয়েছে। মুহিদ্দিন দাবি করেছেন পার্তি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার সব এমপির পূর্ণাঙ্গ সমর্থন আছে তার প্রতি। কিন্তু এই দলটির ৩৬ জন এমপির মধ্যে ৬ জন তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মধ্যে আমি ও আমার ছেলে মুখরিজ আছে। মুহিদ্দিনের সংখ্যাগরিষ্ঠতা নেই। আমাদের আছে।

মাহাথির আরো বলেন, তার জোট পাকাতান হারাপান, পার্তি ওয়ারিসান সাবাহ, কিছু স্বতন্ত্র এমপি এবং তার নিজের দল বারসাতুর কিছু এমপি মিলে কমপক্ষে ১১৪ জন এমপির সমর্থন আছে তার প্রতি। ফলে নতুন প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন মুহিদ্দিনের নেই।  এর পরবর্তীতে কি করা হবে এ বিষয়ে মাহাথির বলেন, পাকাতান হারাপান পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করবে। সেখানে আমরা দেখবো কার সংখ্যাগরিষ্ঠতা আছে। লঙ্কাবি থেকে নির্বাচিত মাহাথির এর আগে মুহিদ্দিনকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status