বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে আরো এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার সন্ধ্যায় ছেড়াদ্বীপের দক্ষিণ পার্শ্বে সাগরে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানে নামে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
এ সময় ছেড়াদ্বীপের দক্ষিণ পাশ থেকে পানিতে ভাসমান অবস্থায় আরো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স ৩২ থেকে ৩৪ বছর হতে পারে। ওই নারীর নাম পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের করার জন্য পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গত কয়েকদিনে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে তিন থেকে চার নটিক্যাল মাইল পূর্ব-দক্ষিণে মঙ্গলবার সকালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে মাছ ধরার জেলেদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় ৭২ জনসহ সেন্টমার্টিনের স্থলভাগ থেকে আরো এক জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন কোষ্টগার্ড। অন্যান্যরা এখনো নিখোঁজ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট জন দালালকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।