বিএনপি ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে: ১৪ দল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 6:35 PM
বিএনপি ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে: ১৪ দল
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মূল লক্ষ্য জয়লাভ নয়। নির্বাচন কমিশনকে বিতর্কিত করা এবং আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় - এই দুইটা ইস্যুকে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এই অভিযোগ করে।
বৈঠক শেষে ১৪ দলের পক্ষ থেকে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে তারা (বিএনপি) একটা নিম্নচাপ সৃষ্টি করতে চায়। নিম্নচাপ সৃষ্টির মধ্য দিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে একটা ঘূর্ণিঝড় সৃষ্টির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।
তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি সারাবিশ্ব অবাক হয়ে লক্ষ্য করবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে।
কেউ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য প্রাক-ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান দিলীপ বড়ুয়া।
১৪ দলের এই প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়কমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াসহ ১১ জন সদস্য ছিলেন।