ভারতের উত্তর প্রদেশে বাসর রাতেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অবচেতন করে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন নববধূ।
সোমবার (৯ ডিসেম্বর) রাজ্যের বাদাউন জেলার ছোটা পাড়ায় এ ঘটনা ঘটে।
হতভাগা বরের নাম প্রবীণ। আর আলোচিত ওই কনের নাম রিয়া। রিয়া আজমগড়ের বাসিন্দা। বিয়ের রাতেই ৭০ হাজার টাকা আর তিন লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছেন রিয়া। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে সর্বস্বান্ত পরিবার।
এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে ঘটক রিঙ্কুকে। পাত্রের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে চার লাখ টাকা খরচ করেছেন তিনি। বিয়ের আগেই টিঙ্কু তার কাছ থেকে টাকা নিয়ে জানিয়েছিল, এই টাকা তিনি কন্যাপক্ষকে দেবেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এ টাকা মেয়ের বিয়ের গয়না বানাতে খরচ করা হবে। কারণ, পাত্রীপক্ষ খুব গরিব।
নতুন বউয়ের কাণ্ডে হতাশ বর প্রবীণ। বউ যে এভাবে সব হাতিয়ে, পরিবারের সবাইকে বোকা বানিয়ে পালাবেন, তা কখনও ভাবেননি তিনি।