ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা। কর্মজীবী মানুষ যে যার কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু সড়কে উঠলেই চোখে পড়ে সারি করে রাখা হয়েছে ইট, ব্যাগ, মিষ্টির প্যাকেট, পানির বোতল ও খবরের কাগজ। এতে অনেকেই চমকে গেছেন। পরে লোকমুখে জানা যায়, এসব রাখা হয়েছে দেশের সবচেয়ে আলোচিত পণ্য পেঁয়াজের জন্য।
এমনি দৃশ্য দেখা গেছে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে। প্রতিদিন এখানে টিসিবির ডিলার ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করেন। সকাল ১০টায় ট্রাক আসার আগেই পেঁয়াজ কিনতে আসা মানুষ দাঁড়িয়ে যান লাইনে।
শনিবার সকাল ৮টা থেকেই ইট, খবরের কাগজ, মিষ্টির প্যাকেট ও পানির বোতল লাইন করে রেখে দেয়া হয়েছে। যারা রেখেছেন তাদের কেউ লাইনের আশেপাশেই ঘোরাফেরা করছেন, কেউবা প্রয়োজনীয় কাজ সারতে যান। আবার কেউ যান সবজির বাজারে। তাদের আশা ছিল, প্রয়োজনীয় কাজ সারতে সারতেই পেঁয়াজের ট্রাক চলে আসবে। কিন্তু শেষে তাদের নিরাশ হয়েই ফিরতে হয়েছে। এ দিন নগরীর কোথাও পেঁয়াজ বিক্রি করা হয়নি।
রাজশাহীতে পেঁয়াজের বাজার এখনো অস্থিতিশীল। ২৪ নভেম্বর থেকে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি চলছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেদিন থেকেই নগরীর পাঁচটি পয়েন্ট থেকে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। মানুষের এতো ভিড় নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য থাকে পুলিশের পাহারাও।
নগরীর হড়গ্রাম বাজার থেকে পেঁয়াজ কিনতে এসেছেন আব্দুল মালেক। তিনি একটি খবরের কাগজ লাইনে রেখে বাজার করতে যান। আব্দুল মালেক বলেন, এর আগে দুইবার এসে পেঁয়াজ নিয়েছি। অনেক বেশি ভিড় হয়। পা ব্যথা হয়ে যায়। তাই এ ব্যবস্থা করি।
মালেকের মতো একই কথা বলেন আব্দুর রউফ। তিনি নগরীর বড়কুঠি এলাকা থেকে এসেছেন। রউফ বলেন, লাইনে ইট রেখেছি। লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না।
লাইনে মিষ্টির প্যাকেট রেখে ঘোরাফেরা করছিলেন মিজানুর রহমান। তিনি বলেন, লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর। তাই সবাই এ ব্যবস্থা করে। তাদের দেখাদেখি আমিও করি। তবে সকাল ১০টার পর জানতে পারি পেঁয়াজের ট্রাক আসবে না।
টিসিবির আঞ্চলিক অফিস প্রধান প্রতাপ কুমার বলেন, মজুত না থাকায় শনিবার নগরীর কোথাও পেঁয়াজ বিক্রি হয়নি। তবে পেঁয়াজ চট্টগ্রাম থেকে আনা হচ্ছে। দুপুর পর্যন্ত একটি ট্রাক পুঠিয়া ও আরেকটি নাটোর পর্যন্ত এসেছে। রাজশাহীতে আসতে দেরি হবে। এগুলো ডিলারদের দেয়ার পর বিক্রয় পয়েন্টে যেতে অনেক দেরি হয়ে যেত। তাই পেঁয়াজ বিক্রি করা হয়নি। তবে রোববার থেকে হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিক্রি চলবে।