গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
এর আগে বেলা ১১টার কিছু আগে একটি প্রিজনভ্যানে করে প্রধান আসামি ও হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক এমপি (অব) কর্নেল ডা. আবদুল কাদের খাঁনসহ ছয় আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ মামলায় মোট আসামি ছিলেন ৮ জন, তার মধ্যে সুবল নামে এক আসামি মারা গেছেন ও অপর আসামি সুবলের শ্যালক চন্দন পলাতক।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।