ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিহত আব্দুর রহিমের লাশ ২২ দিন পর ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত আব্দুর রহিম মহেশপুরের বাউলি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। রোববার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ। এ সময় নিহতের স্বজন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বিজিবি-মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি, বিএসএফ ও ভারতীয় পুলিশ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান জানান, গত ৩ নভেম্বর মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হন আব্দুর রহিম। এ ঘটনার পর বিএসএফ ও বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তবে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়া হয়। পরে আমরা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মরদেহ নিহতের পরিবারকে বুঝিয়ে দিয়েছি।