হলো না সিরিজ জেতা! তবে এই হলো না বলেই যে শেষ, তাও না। এখনো এক ম্যাচ বাকি। হয়তো হলেও হতে পারে।
সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলিতে দারুণ জয়ে শুরুর পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) আর রাজকোটের রাজত্ব নিতে পারল না বাংলাদেশ। ভারতের কাছে ৮ উইকেটে হার মানল টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ২ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল রোহিত-ধাওয়ানরা।
তবে সব কিছুকে ছাড়িয়ে দিন শেষে হয়তো ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলবেন ক্রিকেটবোদ্ধারা। কেননা মহারাষ্ট্রের এই মঞ্চ ব্যাটিং-স্বর্গ বলেই পরিচিত। ২২ গজে নামলে ব্যাটসম্যানরা রান করবেন এটাই স্বাভাবিক। যেমনটা করেছেন রোহিত। আগের ম্যাচে দ্রুত বিদায় নেওয়া ভারতীয় এই দলনেতা আজ যেন একাই টেনেছেন, দেননি অন্যদের কোনো দায়িত্ব। অবশ্য বল হাতে চাহালরাও শতভাগ উজাড় করে দেন।
এতকিছুর মাঝেও বাংলাদেশের প্রাপ্তি আমিনুল ইসলাম বিপ্লব। কেননা তিনিই ভারতের পতন হওয়া দুই উইকেটের শিকারি। নিজের শততম টি২০ খেলতে নামা রোহিতকে দেননি শতরান করতে।
তারপরও আক্ষেপ থেকে যায়।ইশ! যদি আরও কিছু রান হতো, যদি মুশফিকুর রহিম খানিক সময় উইকেটে থাকতে পারতেন, লিটন-নাঈম যেভাবে শুরু করেছে, মোসাদ্দেক-রিয়াদরা যদি সেভাবে শেষ করতে পারতো।
দিন শেষে এমন অনেকগুলো ‘যদি’ ‘কিন্তু’র সঙ্গে রাশি রাশি আফসোস বোধ হয় বাংলাদেশের হতাশাটা আরও বাড়িয়ে দিল।