চন্দনাইশে বাড়ি ভিটার বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে কেটে গেল পঞ্চাষোর্ধ এক নারীর স্তন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপর চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষের মদন আলী প্রকাশ মজনু ফকির ওরফে মদন ফকিরকে (৬৫) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
স্থানীয়ভাবে জানা যায়, বাড়ি-ভিটা নিয়ে মাঝেরপাড়ার মৃত হামিদ আলীর পুত্র মদন ফকিরের সঙ্গে পার্শ্ববর্তী মৃত ইউসুফ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত রোববার সকালে বিরোধীয় জায়গা থেকে মজনু ফকির গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ইউসুফ মিয়ার পরিবারের নারী সদস্যরা বাধা প্রদান করে। এতে বাকবিতণ্ডা থেকে মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়ে মজনু ফকিরের হাতে থাকা ধারালো দায়ের কোপে মৃত ইউসুফ মিয়ার স্ত্রী হোসনে আরা বেগমের (৫৬) স্তন কেটে যায়।
এসময় তার সঙ্গে থাকা পুত্রবধূ রাশেদা আকতারও (২৬) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মজনু ফকিরকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।